০৫ মার্চ, ২০২৫
মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার (৪ মার্চ) বিকালে শহরের বিপনীবাগ বাজারে চাঁদপুর জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
এ ছাড়াও বিশেষ টাস্কফোর্সের সদস্যরা কাঁচামাল, ফলের দোকানসহ সকল দোকানিদেরকে বাজারে যেন অস্থিতিশীল পরিবেশ ও কৃত্রিম সঙ্কট না করার জন্যে কঠোর সর্তক করেন।
অভিযান শেষে এনডিসি মো. আসাদুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারকে যেন স্থিতিশীল রাখা যায় তার জন্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়াও বাজারকে যেন অস্থিতিশীল পরিবেশের মধ্যে না ফেলা হয় সেজন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
এসময় অভিযানে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে সাজিদ হক, দিপংকর বাড়ৈ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা মৎস জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকারসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।