রংপুরে দুই দিনে ২৬ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

০৬ মার্চ, ২০২৫

রংপুরে দুই দিনে ২৬টি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদে প্রস্তুতি নেওয়া হয়েছে। 

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি জানান, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টিই অবৈধ। পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উপরের অংশ তুলে নেয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে নির্দেশ দিয়েছে। এ কারণে অবৈধ ভাটায় ইট উৎপাদন বন্ধে অভিযান শুরু হয়েছে।

রবিউল ফয়সাল আরও জানান, অভিযানের অংশ হিসেবে মঙ্গল ও বুধবার (৪ ও ৫ মার্চ) রংপুর সদর উপজেলা, পীরগঞ্জ, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছার বেশ কয়েকটি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। এসব অভিযানে জেলা-উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই’র কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার থেকে আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।