ড. মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কুরআন বইয়ের পাইরেসি কপি চক্রের সদস্য গ্রেফতার

০৮ মার্চ, ২০২৫

নিউজ ডেস্ক: দেশের প্রখ্যাত স্কলার ড. মিজানুর রহমান আজহারির নতুন বই ‘এক নজরে কুরআন’। বইটি প্রকাশিত হয় ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে। সদ্য প্রকাশিত জনপ্রিয় এই বই এর পাইরেসি কপি তৈরি চক্রের সাথে জড়িত জাহিদ ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

০৫ মার্চ, ২০২৫ তারিখে রাজধানীর নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জাহিদ বুক সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠান শনাক্ত করা হয়। যারা অবৈধভাবে বইটির অনুলিপি তৈরি ও বাজারজাতকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো।

রাজধানীর নিউমার্কেট থানার আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ কার্যক্রমের মাধ্যমে পাইরেসির মূল হোতাদের শনাক্ত করে। অভিযান চালিয়ে একজন অপরাধীকে পাইরেটেড বই তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করে। এর সাথে আরো কোনো চক্র যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বই নকলকারী জাহিদ বুক সাপ্লাই প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বই বিক্রেতা ও প্রকাশকেরা এ ধরণের অবৈধ চক্রের কারণে আর্থিকভাবে চরম সংকটের মুখে যেমন পড়ছেন। পাঠকও পছন্দের বই ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হন।     

এবারের বইমেলার শুরু থেকেই দেশ-প্রবাসে আলোচনার তুঙ্গে কুরআনের ওপর লেখা ড. মিজানুর রহমান আজহারির গবেষণামূলক এই বইটি। পাঠকদের আগ্রহের অন্যতম কারণ হলো–  এতে পুরো কুরআনের নানান শিক্ষাকে থরে থরে সাজানো হয়েছে। ইনফোগ্রাফিক স্টাইলে কুরআনের ওপর লেখা এ বইটি বাংলা ভাষায় কুরআন চর্চার ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। যা কুরআন নিয়ে এমন সৃজনশীল কাজ আরও প্রকাশের ব্যাপারে সম্ভাবনা তৈরি করবে।

এক নজরে কুরআন’ বইতে মোট ১৬ টি দৃষ্টিভঙ্গি থেকে কুরআনের একেকটি সূরার ব্যাখ্যা করা হয়েছে। পূর্ণ ৩০ পারা কুরআনের ব্যাখা করা এ বই জ্ঞান পিপাসুদের ভেতর কুরআন বোঝার প্রচন্ড আগ্রহ তৈরি করেছে। তরুণদের ভেতর উল্লেখযোগ্য মাত্রায় এ বইয়ের প্রতি আগ্রহ দেখা গেছে।       

কিন্তু কিছু অসাধু ব্যক্তি ও চক্র বইটির পাইরেটেড কপি ছড়িয়ে বাজারে বিক্রি করার চেষ্টা করছিলো, যা লেখকের কপিরাইট লঙ্ঘন এবং প্রকাশনা শিল্পের জন্য হুমকি স্বরূপ।

প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশন এর কর্ণধার ইসমাইল হোসাইন জানিয়েছেন, বই পাইরেসির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশকের পক্ষ থেকে সকল পাঠক ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন শুধুমাত্র অনুমোদিত ও মূল বই ক্রয় করেন।