০৮ মার্চ, ২০২৫
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে প্রায় আড়াই লাখ জাল টাকাসহ রাসেল মণ্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
শনিবার (৮ মার্চ) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
এ সময় রাসেলের কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোট; টাকার অঙ্কে মোট দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন বলেন, ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকা থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সে বিষয়ে আমরা কাজ করছি। গ্রেপ্তার রাসেলের নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা রয়েছে।