দুই যুবদল নেতার বিরুদ্ধে দোকান দখল চেষ্টার অভিযোগ

১০ মার্চ, ২০২৫

বরিশালের উজিরপুর উপজেলায় চাঁদা না পেয়ে দুই দফায় বিএনপির ব্যানার টাঙিয়ে দোকান দখল চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় দুই নেতার নামে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক মাহফুজুর রহমান মাসুম।

অভিযুক্ত দুই নেতা হলেন, উজিরপুর উপজেলা যুবদলের দুই যুগ্ম-আহ্বায়ক জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদার। অন্যের দোকান ঘরে ব্যানার লাগানোর কোনো সিদ্ধান্ত বিএনপি দেয়নি বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান।

অভিযোগের তদন্ত শেষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইউএনও আলী সুজা। তবে অভিযুক্ত জালিস ও রুহুলের একই দাবি, উজিরপুর পৌর ও শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু ব্যক্তি ওই ব্যানার টানিয়েছে। তারা এ বিষয়ে অবগত নন।

ভুক্তভোগী দোকান মালিক মাসুম বলেন, উজিরপুরের শিকারপুর বন্দরের চান্দিনা ভিটার ৪ শতাংশ জমি বাৎসরিক ইজারা নিয়ে ১৯৫০ সাল থেকে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। ২০১৮ সালে আমাদের দোকান দখলে নিয়ে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস বানানো হয়। আওয়ামী সরকার পতনের পর দোকান আমি দখলে নেই। এরপর দুই যুবদল নেতা আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলে ১০ হাজার টাকায় রফাদফা হয়। পরে যুবদল নেতা জালিস মৌখিক চুক্তিতে সাময়িক সময়ের জন্য ভাড়া নেন। সম্প্রতি জালিসকে ছেড়ে দিতে বললে ক্ষিপ্ত হয়ে তালা দিয়ে দোকানের দরজা আটকে দেয়। তখন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলার আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে দখল চেষ্টা করা হয়। তখন বিষয়টি ওই নেতাকে অবগত করলে ব্যানার নামিয়ে ফেলা হয়। এরপর তারেক রহমানের ছবিসহ ব্যানার টাঙিয়ে স্থায়ীভাবে দখলের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুযায়ী বিচার দাবি করেছেন তিনি।

উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান বলেন, ওই দোকান মাসুমের। যা আওয়ামী লীগ দখল করে রেখেছিল। বর্তমানে বিএনপির কয়েক নেতা সাইনবোর্ড দিয়েছে বলে শুনেছি। অন্যের দোকানে ব্যানার টাঙানোর সিদ্ধান্ত বিএনপির নয় বলে জানান তিনি।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে মাসুম অভিযোগ দিয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। এ বিষয় খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।