১৫ মার্চ, ২০২৫
যশোর প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিন এমবিবিএস তৃতীয় বৃত্তিমূলক (মে ২০২৪) পরীক্ষায় ৯টি বিষয়ে অনার্স নম্বর পেয়ে রেকর্ড সৃষ্টি করলো যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ।
রামেবি’র সরকারি-বেসরকারি মোট ২৪টি মেডিকেল কলেজের মধ্যে এই প্রাপ্তি সর্বোচ্চ। ১৩ মার্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।
মেডিকেল কলেজের একসাথে ৫জন ছাত্রী প্রথমবারের মত এই বিরল রেকর্ড অর্জন করলেন। এদের মধ্যে তিনজন ভারতীয় এবং দুইজন বাংলাদেশী ছাত্রী। এরা হলেন সানা ফেরদৌস। তিনি তৃতীয় বর্ষের ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স, প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগে অনার্স মার্কস পেয়েছেন।
এছাড়া ফারিয়া ইয়াসমিন প্যাথলজি ও মাইক্রোবায়োলজিতে, সেনাগোপাতি লাক্সমি শ্রী প্যাথলজি ও মাইক্রোবায়োলজিতে, পাটেল ফাইজা মাহমাদ ফারুক ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স এবং নাফিসা আন্জুম মাইক্রোবায়োলজিতে অনার্স মার্কস অর্জন করেছেন।
এছাড়া পাশের হারের দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সরকারি বেসরকারি ২৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। পাশের হার ৯০ শতাংশ। ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন ছাত্রী উত্তির্ণ হয়েছেন। পাশের দিক থেকে ৯৪ শতাংশ হার নিয়ে এই তালিকায় ২য় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটির সিস্টার কনসার্ন খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ।
এদিকে এই মেডিকেল কলেজটি থেকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন দ্বিতীয় বৃত্তিমূলক (মে ২০২৪) পরীক্ষায় ৩জন ছাত্রী ফরেনসিক মেডিসিন বিভাগে অনার্স নম্বর পেয়েছেন। তারা হলেন হালালাত নাজনীন, মিইয়াঞ্জী খুশি ও আফরিন আলম খান। তারা সবাই ভারতীয় শিক্ষার্থী।
এই অর্জনে গর্বিত এবং আনন্দিত প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।