বিএনপি গণমানুষের দল: ইবি উপাচার্য

১৬ মার্চ, ২০২৫

মানিক হোসেন, ইবি: বিএনপি একটি গণমানুষের দল। তাই সকল ভালো কাজের মাধ্যমে ছাত্রদল জাতীয়তাবাদী আদর্শ গণমানুষের কাছে পৌছে দিবে। বিএনপি ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। তাই ছাত্রদল সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত ও গণইফতার মাহফিলে এসকল কথা বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় তিনি আরো বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করবে। মানুষের জন্য কাজ করবে। রমজান ধৈর্য্য ধারণের মাস ও ঐক্যের মাস। ছাত্রদল ক্যাম্পাসে সকালের সাথে একসাথে কাজ করে যাবে।  আরেকটি কথা না বললেই নয়, ১৯৭৫ এর পট পরিবর্তনের পরে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তিনি সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করছিলেন এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিলেন।

ইফতার ও কুরআন তিলাওয়াত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তারাসহ প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী।

এর আগে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে টোকেন পৌঁছে দেয়। পরে বিকেলে ছেলেদের জন্য ক্রিকেট মাঠে এবং মেয়েদের জন্য খালেদা জিয়া হলের সামনে ইফতার বিতরণ করে। ইফতারের পাশাপাশি কুরআন তিলাওয়াত আয়োজন করা হয়। এসময় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার, ভ্যানচালক ও দোকানীসহ প্রায় ২২০০ মানুষের মাঝে মাঝে ইফতার বিতরণ করা হয়।

ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এটা খুবই প্রশংসনীয় আয়োজন। এর আগে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে গণইফতার আয়োজন করেছে। আজকে ছাত্রদল কুরআন তিলাওয়াত ও গণইফতারি করিয়েছে। ছাত্রসংগঠন গুলোর মাঝে এমন ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। তাহলে শিক্ষার্থীরা রাজনীতিমুখী হবে। এছাড়া এইসব কাজের মাধ্যমে সংগঠনগুলো শিক্ষার্থীদের কাছে তাদের পজিটিভিটি তুলে ধরতে পারবে। আমার কাছে আজকের এই আয়োজন সত্যিই খুব ভালো লাগছে। বিশেষ করে ছাত্রদল আগেই আমাদের রুমে এসে ইফতারের জন্য টোকেন দিয়ে গেছে। আমাদের আলাদা করে কষ্ট করতে হয় নি। ছাত্রদলকে এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই।

শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে পজিটিভ কাজ করতে চাই। আমরা পূর্বের স্বৈরাচার সরকারের কারণে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম করতে পারতাম না। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সুন্দরবাবে করতেছি। ভবিষ্যতে আমরা এমন সুন্দর কাজ চালিয়ে যেতে চাই।