১৬ মার্চ, ২০২৫
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটি কেমন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে সে কথা কমবেশি সবারই জানা। পেপ গার্দিওলার দলের অবস্থা ভালো হওয়ার কোনো আভাসও মিলছে না। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আশা বাদ দিতে হয়েছে আরও আগেই, চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলোয় জায়গা হয়নি। এরপর খন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, আগামী মৌসুমে আর্লিং হ্লান্ডরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন কি না তা নিয়ে।
নিজেদের সবশেষ ম্যাচে শনিবার রাতেও নিজেদের মাঠে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সিটি। এ ড্রয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে তারা। ৫ নম্বরে থাকা আরও পেছাতে পারে, শেষ পর্যন্ত চারে থেকে মৌসুমে শেষ করতে পারবে কি না তা নিয়ে আছে শঙ্কা।
এদিকে সিটির সামনে লিগে এখনো পর্যন্ত বাকি আছে ৯ ম্যাচ। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে এ ৯ ম্যাচে জয়ের বিকল্প নেই গার্দিওলার দলের। তাই নিজের দলের বাকি ৯ ম্যাচকে অলিখিত ফাইনাল হিসেবেই দেখছেন গার্দিওলা।
গার্দিওলা বলেন, ‘আমি সব সময়ই আত্মবিশ্বাসী। এমন অনেক সময়ই এসেছিল, যখন শঙ্কা ছিল। কিন্তু একটা না একটা উপায় খুঁজে পেয়েছিলাম। এখন আমাদের হাতে লিগে ৯টা ম্যাচ বাকি আছে। ৯টাই ফাইনাল।’
ব্রাইটনের বিপক্ষে গতকালের ম্যাচে শুরুতেই আর্লিং হ্লান্ডের গোলের পর এক গোল হজম করলেও ওমার মারমৌশের গোলে লিড পেয়েছিল সিটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আব্দুকাদির খুশানভের আত্মঘাতী গোলে সমতায় থেকে ম্যাচ শেষ করতে হয় সিটিকে।