শেরপুরে আরও তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮ মার্চ, ২০২৫

শেরপুরের নকলা উপজেলায় অবৈধ তিন ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী অভিযানে ইটভাটাগুলো বন্ধসহ গুঁড়িয়ে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ইট প্রস্তুতের চিমনি ধ্বংস করা হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো, নকলার গৌরদ্বারের পাইস্কা এলাকার মেসার্স রিজন ঝিগঝাগ ব্রিকস, একই উপজেলার বাশাটির তেঘরী এলাকার মেসার্স পুবালি ব্রিকস ও একই উপজেলার জানকিপুরের মেসার্স বাবা ঝিগঝাগ ব্রিকস।

অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও নকলা থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন। এর আগে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার বেশ কয়েকটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ ভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।