ভোলায় অস্ত্র ও মাদকসহ ৫ জলদস্যু আটক

১৯ মার্চ, ২০২৫

ভোলায় তেঁতুলিয়া নদীতে ডাকাতি করার সময় পাঁচ জলদসুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩ টি নৌকা জব্দ করা হয়েছে।

সকালে কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার রিফাদ আহমেদ জানান, বুধবার রাত ১ টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় জেলেদের নৌকায় ডাকাতি করার অভিযোগে শাহিন বাহিনীর পাঁচ জলদসুকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মামুন মোল্লা, আনোয়ার হাওলাদার, জুয়েল শেখ, পান্নু মোল্লা ও নাজমুল হাওলাদার। এরা সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা। সকালে তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।