ইবনে সিনার বিলবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

২০ মার্চ, ২০২৫

সিলেট নগরীর ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ লেখা।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সোবহানীঘাটস্থ ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান সেখানের ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত হলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ারের ম্যানেজার খন্দকার ইকবাল বলেন, এটা কীভাবে ঘটেছে আমার জানা নেই। আমি ইঞ্জিনিয়ারও নয়, টেকনিক্যাল পার্সনও নয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।