আর্নন্ডের সঙ্গে চুক্তির সমঝোতা রিয়ালের

২৭ মার্চ, ২০২৫

মৌসুম শেষে ফ্রি এজেন্টে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন লিভারপুলের ইংলিশ ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সজান্ডার আর্নল্ড। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, চুক্তির বিষয়ে রিয়াল মাদ্রিদ ও আর্নল্ড সমঝোতায় পৌঁছেছেন। 

শুধু চুক্তি নয় জুনেই অগ্রিম ছাড়পত্রের মাধ্যমে আর্নল্ডকে রিয়াল মাদ্রিদে আনা যায় কিনা ওই চেষ্টাও করছে লস ব্লাঙ্কোস বোর্ড। 

লিভারপুলের সঙ্গে চলতি মৌসুমের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে আর্নল্ডের। চুক্তি নবায়ন না করলে নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে নতুন ক্লাবের সদস্য হবেন ইংলিশ এই ডিফেন্ডার। তবে জুনে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে রিয়াল মাদ্রিদ। ওই টুর্নামেন্টের আগে  ব্লাঙ্কোস বোর্ড তাকে দলে চায়। 

লিভারপুল যাতে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হলেই আর্নল্ডকে ছাড়পত্র দেয় ওই চেষ্টা করবে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। 

ক্লাব বিশ্বকাপের কারণে দলবদলের জন্য সংক্ষিপ্ত একটি সময় বরাদ্দ দেওয়া হচ্ছে। ক্লাবগুলো ১ থেকে ১০ জুনের মধ্যে দলে নতুন ফুটবলার সংযোজন বা বিয়োজন করতে পারবে। সেক্ষেত্রে সম্মত হতে হবে দুই ক্লাবের। রিয়াল মাদ্রিদ আর্নল্ডকে ওই সুযোগে দলে আগেভাগে যুক্ত করতে চায়।