২৯ মার্চ, ২০২৫
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) ট্রাক্টর চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেল স্টেশনের ২০০ গজ দূরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরে করে মাটি নিয়ে সাফদারপুরের দিকে যাচ্ছিল পথিমধ্যে সোয়াদী গ্রামের রেল গেট পার হওয়ার সময় হঠাৎ করেই রেললাইনের উপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে বিকল হয়ে যায় ট্রাক্টরটি ও ঘটনাস্থলেই মারা যান চালক হুসাইন।
নিহত হুসাইন চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তবে এলাকাবাসীর অভিযোগ গেটম্যান ডিউটিতে না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, লাইন ক্লিয়ার দিয়ে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে একটি বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে স্থানীয় মানুষ জড়ো হতে থাকে। এরপর আমরাও গিয়ে দেখি ট্রেনের সাথে ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে এবং সেখানেই ট্রাক্টর চালক মারা গেছে। ঘটনার পরই রেল পুলিশকে অবগত করা হয়।
যশোর রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মনিতোষ কুমার জানান, মাটি বোঝায় একটি ট্রাক্টর রেললাইন পার হাওয়ার সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।