বিজয়নগরে ছয় দোকানে আগুন

০১ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ দোকানগুলো হল, কাজী মনিরুল ইসলামের ফার্মেসি, লোকমান টেইলার্স, কালু টেইলার্স, জাহাঙ্গীর ফার্মেসি, আবু জাহেরের মুদি দোকান ও একটি সবজির দোকান। 
ক্ষতিগ্রস্ত ফার্মেসি দোকানদার কাজী মনিরুল ইসলাম বলেন, ‘আমার দোকানে থাকা মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মুদি দোকান মালিক আবু জাহের বলেন, সকালে ঈদের নামাজের সালাম ফেরাতেই খবর পেলাম দোকানে আগুন লেগেছে। সেখানে গিয়ে দেখি কিছুই নেই সব পুড়ে ছাই। আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আলাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করেছি। 

বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাজী শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা'র মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।