কুমিল্লায় খুন ও ডাকাতি মামলার আসামিকে হত্যা

০৪ এপ্রিল, ২০২৫

কুমিল্লার হোমনায় ডাকাতি, খুন ও দস্যুতাসহ পাঁচ মামলার আসামি মো. ফারুক মিয়া ওরফে পান্ডু ডাকাতকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাগমারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, লাশের ঘাড়ে চাকুর আঘাতসহ পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। কোমরে কালো ওড়না বাঁধা ছিল।

ওসি আরও বলেন, তার বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি, খুন দস্যুতাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতেই ওয়ারেন্ট রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটন এবং খুনিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিহতের মা হোসেনে আরা বেগম বলেন, শুক্রবার লোকজন এসে জানান, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমার ছেলে অন্যায় করলে তাকে জেলে দিত। আমি এর বিচার চাই