১২ এপ্রিল, ২০২৫
ইসলামোফোবিয়া ও ভারতীয় সংস্কৃতি বিকাশে প্রথম আলো ও ডেইলি স্টার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহযোগী সংগঠন জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষ্যে তারা ৫ আগস্টের পরেও ইচ্ছাকৃতভাবে বিএনপি, জামায়াত, শিবিরসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছে। স্লো পয়জনের মতো তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামোফোবিয়া এবং ভারতীয় সংস্কৃতি বিকাশে কাজ করছে। প্রথম আলো এবং ডেইলি স্টার হিন্দুস্তানের প্রতিনিধিত্ব করে।’
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাব সম্মুখে ‘ইসলামবিরোধী-মুসলিমবিদ্বেষী ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনাকারী এবং হিন্দুস্তানের মুখপাত্র প্রথম আলো ও ডেইলি স্টার বর্জনের দাবিতে’ জাগপা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান ফারুকী বলেন, ‘ভারতের নির্দেশনায় পরিচালিত প্রথম আলো এবং ডেইলি স্টার ইসলামবিরোধী এবং মুসলিমবিদ্বেষী। হলুদ সাংবাদিকতার মাধ্যমে দেশের আলেম ওলামা সমাজকে তারা জঙ্গি বানাতে চায়। কার্টুন ও রিপোর্টের মাধ্যমে তারা ইসলামকে প্রতিনিয়ত ব্যঙ্গ করে।’ এ সময় দেশবাসীকে এই দুই পত্রিকা বর্জনের আহ্বান জানান তিনি।
জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, ভাসানী ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।