গুগল ডকসে যুক্ত হচ্ছে এআই পডকাস্ট

১৫ এপ্রিল, ২০২৫

গুগল ডকসে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পডকাস্ট সুবিধা। এই সুবিধাটি চালু হলে গুগল ডকসে থাকা যেকোনো বার্তার উল্লেখযোগ্য অংশ অডিও আকারে শুনতে পারবেন ব্যবহারকারীরা।

ফলে সহজেই যেকোনো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত পডকাস্ট প্রচার শুনতে পাবেন।

সম্প্রতি গুগল তাদের ওয়ার্কস্পেস অ্যাপ্লিকেশনের জন্য একাধিক নতুন জেমিনি ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এসব ফিচারের অন্যতম আকর্ষণ হলো এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পডকাস্ট। গুগল ডকস থেকে যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে এই সুবিধাটি। বর্তমানে এই সুবিধা গুগলের এলএম নামের গবেষণা সহায়ক টুল ও জেমিনি অ্যাপে ফাইল আপলোডের মাধ্যমে সীমিতভাবে পাওয়া যাচ্ছে। এখন থেকে এই সুবিধা গুগল ডকসের সব ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন।

গুগলের তথ্য মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পডকাস্ট সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের লেখার মূল তথ্য এআই কণ্ঠে শুনতে পারবেন। চাইলে পুরো লেখাটিও শোনা যেতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্যে এই সুবিধাটি উন্মুক্ত করা হবে।

 

সূত্র: দ্যা ভার্জ