আইএমডিবির জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় শাকিবের ‘বরবাদ’

১৬ এপ্রিল, ২০২৫

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাইয়া সুপারস্টার শাকিব খান অভিনীত ‘‘বরবাদ”। সিনেমাটি ‍মুক্তির পর দেশব্যাপী সাড়া ফেলেছে।

এর মধ্যেই সিনেমাটি জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেস) জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় উঠে এসেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত এই সিনেমাটি তালিকার ৪৪তম স্থানে অবস্থান করছে।

আইএমডিবির চার্ট বিশ্লেষণ করে দেখা গেছে, তালিকার শীর্ষে রয়েছে হলিউড সিনেমা ‘‘আ মাইনক্রাফট মুভি’’। সেই তালিকায় আরও রয়েছে ‘‘স্নো হোয়াইট’’, ‘‘অ্যানোরা’’, ‘‘সুপারম্যান’’, ‘‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’’, ‘‘সিকান্দার’’ ও ‘‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’’-এর মতো বিশ্বখ্যাত সিনেমাগুলো। এই সিনেমাগুলোর পাশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘‘বরবাদ’’। সিনেমাটি আইএমডিবিতে ৭.৪ রেটিং পেয়েছে।

আইএমডিবির জনপ্রিয় ১০০ তালিকায় মধ্যে স্থান পাওয়ায় সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’’

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যে ঢাকাই সিনেমার বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির ১৭ দিন পার হলেও সিনেমাটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে। মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ইধিকা পাল, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।