খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

২৮ এপ্রিল, ২০২৫

ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. মিজান (২২)।

সোমবার (২৮ এপ্রিল) সকালে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত মিজানের স্থায়ী ঠিকানা ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামে। মিজান ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম জাহাঙ্গীর ও মায়ের নাম রাবেয়া।

পুলিশ জানায়, সকালে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার এসআই আসাদুল আল গালিব বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।