ফিজিতে বিপদে ২৬ বাংলাদেশি, গেলেন প্রধানমন্ত্রীর কাছে

০২ মে, ২০২৫

ফিজির সেন্ট্রাল ডিভিশনের একটি স্থানীয় সুপারমার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিকের অভিযোগ দেশটির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা সরাসরি শুনেছেন।

বৃহস্পতিবার (১ মে) সুভায় ফিজির প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে যান এই শ্রমিকরা। গিয়ে তারা আবাসস্থল ও খাবার নিয়ে কষ্টের কথা জানান প্রধানমন্ত্রীকে। তাদের অভিযোগের ভিত্তিতে কর্মসংস্থান ও অভিবাসনবিষয়ক মন্ত্রীকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন রাবুকা।

ফিজির প্রধানমন্ত্রী বলেন, কোনো শ্রমিকের এমন অবস্থায় থাকা উচিত নয়, যেখানে তাদের মর্যাদার সঙ্গে আপস করতে হয়।

ফিজির প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য যা ন্যায্য, তা করার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের ফিজির নাগরিকেরাও বিদেশে কাজ করছেন। আমরা চাই না তারা কোথাও অন্যায় আচরণের শিকার হন বা অবিচারের মুখোমুখি হন। তেমনি ফিজিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রতিও আমাদের একই রকম আচরণ করা উচিত।

অভিযোগকারী কর্মীরা কিছুদিন ধরে ওই সুপারমার্কেটে কর্মরত। তারা অভিযোগ করেছেন, চলমান পরিস্থিতির কারণে তারা ফিজিতে তাদের কাজের অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন না।

জরুরি ভিত্তিতে শ্রমিকদের আবাসনব্যবস্থার উন্নতি এবং তাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাবুকা।