০৪ মে, ২০২৫
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে। রোববার (৪ মে) সকালে দলটির পক্ষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগে এ আবেদন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
তিনি আপিল বিভাগকে বলেন, এ মামলার আপিল শুনানি শুরু হলেও হুট করেই তা আবার বন্ধ হয়ে যায়। জামায়াতের নিবন্ধন ইস্যুটি দ্রুত শুনানির প্রয়োজন।
পরে আপিল বিভাগ আগামী মঙ্গলবার (৬ মে) বা বুধবার আপিলের শুনানির জন্য আসতে বলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
এরপর রাজনৈতিক পালাবদলের পর গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। পরে গত ৩ ডিসেম্বর এই আপিলের প্রথম দিনের শুনানি হয়।