০৫ মে, ২০২৫
দুই দশক ধরে ক্লাবটির অংশ ছিলেন তিনি। ছয় বছর বয়সে লিভারপুলে যোগ দেওয়া সেই ছেলেটি এখন ইংল্যান্ডের অন্যতম সেরা রাইট-ব্যাক। তবে এবার সম্পর্কের ইতি টানছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের এই ডিফেন্ডার নিশ্চিত করেছেন, চলতি মৌসুম শেষে তিনি ক্লাবটি ছেড়ে যাচ্ছেন। আগামী ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবং ধারণা করা হচ্ছে তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন।
সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় ট্রেন্ট লিখেছেন, “লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে ২০ বছরের পথচলার পর, এখনই সময় জানিয়ে দেওয়ার। আমি এই মৌসুম শেষে ক্লাবটি ছাড়ছি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।”
সালাহ-ভ্যান ডাইকের চুক্তি নবায়ন হলেও ট্রেন্ট বিদায় নিলেন ক্লাব থেকে। এই গ্রীষ্মে লিভারপুলের তিনজন তারকা খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাদের মধ্যে মোহাম্মদ সালাহ ও ভার্জিল ভ্যান ডাইক নতুন চুক্তিতে সই করেছেন। কিন্তু আলেকজান্ডার-আর্নল্ড আর থাকছেন না অ্যানফিল্ডে।
২০১৬ সালে লিভারপুলের জার্সিতে অভিষেকের পর ক্লাবটির হয়ে ৩৫২টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ২৩টি। শুধু রক্ষণেই নয়, আক্রমণেও অবদান রেখে বারবার ম্যাচ বদলে দিয়েছেন এই ইংলিশ তারকা। চলতি মৌসুমে আর্নে স্লটের অধীনে লিভারপুলকে লিগ শিরোপা জেতাতে সাহায্য করেছেন ট্রেন্ট। এর আগে ২০১৯-২০ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের অধীনে দলটির প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা ছিল তার।
লিভারপুলের হয়ে ট্রেন্ট একবার চ্যাম্পিয়নস লিগ (২০১৮-১৯), একবার এফএ কাপ (২০২২), দুইবার লিগ কাপ, দুইবার প্রিমিয়ার লিগ জিতেছেন।
এদিকে বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া আবেগঘন বিদায়ী বার্তায় তিনি জানিয়েছেন, নিজ শহরের ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। বিদায়ী বার্তায় সেটাই স্পষ্ট করেছেন ট্রেন্ট। তিনি বলেন, “এই ক্লাব ছিল আমার জীবন, আমার পুরো পৃথিবী, ২০ বছর ধরে। একাডেমি থেকে শুরু করে আজ পর্যন্ত, ক্লাবের ভেতরে-বাইরের সবার ভালোবাসা ও সমর্থন আমি কখনও ভুলব না। আপনাদের কাছে আমি চিরঋণী।”
তিনি আরতও বলেন, “তবে আমি কখনও অন্য কিছু জানিনি। এই সিদ্ধান্ত নতুন একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে পেশাগত ও ব্যক্তিগতভাবে নিজেকে আরও এগিয়ে নেওয়ার জন্য।”
লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, “ট্রেন্ট আমাদের ক্লাবের সাফল্যের সময়ে অসাধারণ অবদান রেখেছেন। আমরা কৃতজ্ঞতা ও ভালোবাসার সঙ্গে তাকে বিদায় জানাচ্ছি।”
এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার—রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে কবে দেখা যাবে এই ইংলিশ তারকাকে?