‘মোটু’ বলায় দুই বন্ধুকে ধাওয়া করে গুলি

১২ মে, ২০২৫

“মোটু” বলায় দুই বন্ধুকে ২০ কিলোমিটার ধাওয়া করিয়ে গুলি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৮ মে) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরখপুরে।

অভিযুক্ত যুবকের নাম অর্জুন চৌহান। তিনি গোরখপুরের বেলঘাট এলাকার বাসিন্দা। তার দুই বন্ধুর নাম অনিল চৌহান এবং শুভম চৌহান। তারা মাঞ্জারিয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঘটনার কয়েকদিন আগে অর্জুন চৌহান চাচার সঙ্গে স্থানীয় তারাকুলহা দেবী মন্দিরের একটি অনুষ্ঠানে যান। সেখানে অনুষ্ঠান চলাকালীন সময় দুই বন্ধু অনিল চৌহান এবং শুভম চৌহান তার শারীরিক গঠন, দৈহিক ওজন নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। এ সময় তারা বারবার অর্জুনকে “মোটু” বলে অপমান করেন।

পুলিশ সুপার (দক্ষিণ) জিতেন্দ্র কুমার জানিয়েছেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্ষুব্ধ অর্জুন তার বন্ধু আসিফ খানকে নিয়ে অনিল এবং শুভমের পিছু নেন। দুইজনকে টানা ২০ কিলোমিটার ধাওয়া করেন। এক পর্যায়ে স্থানীয় তেনুয়া টোলপ্লাজার কাছে তাদের গাড়ি থামান। এরপর দুইজনকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করেন। এরপরেই পালিয়ে যান অর্জুন।

পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত দুইজনেই বর্তমানে বিপদমুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনার পরের দিন শুক্রবার আহত শুভম চৌহানের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে অর্জুন বলেন, “খাবার সময় ওরা আমার ওজন নিয়ে মজা করেছিল। আমি আপত্তি করেছিলাম। অন্যরা ওদের কথা শুনে হাসাহাসি করছিল। এ সময় উপস্থিত অন্যরা ঝামেলা থামিয়ে দেয়। কিন্তু আমি ঠিক করে ফেলি যে ওদের শেষ না করে ছাড়ব না।”