জুলাই গণঅভ্যুত্থানে যশোরে আহতদের অনুদানের চেক বিতরণ

১৫ মে, ২০২৫

যশোর প্রতিনিধি :: জুলাই গণঅভ্যুত্থানে যশোরে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ মে) দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহতদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। 

জেলা প্রশাসন জানায়, এ দফায় সি-ক্যাটাগরির ৬৬ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লাখ টাকার করে চেক প্রদান করা হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলম, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন সাফায়েত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে চেক বিতরণ অনুষ্ঠানে আহতদের তালিকা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আপত্তি তুললে মৃদু হট্টগোল বাধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্মসচিব মারুফ হাসান সুকর্ণ বলেন, তালিকায় ১৫ থেকে ২০ জনের নাম আছে, যারা কোনভাবেই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন লিখন বলেন, তালিকার অনেকেই আন্দোলনে আহত হননি। তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি করা হয়েছে। অবিলম্বে যাচাই-বাছাই করে প্রকৃত জুলাই যোদ্ধাদের চিহ্নিত করার দাবি করেন তিনি। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘আমরা যারা আন্দোলন করেছি, তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে আহত হয়েছি। কিন্তু সি ক্যাটাগরির তালিকায় যাদের নাম দেখছি তাদের অধিকাংশই আহত হননি।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, জেলার শহীদ ও আহতদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হয়েছে এবং তা যাচাই-বাছাই কমিটি যাচাই-বাছাই করেছে। এ কমিটিতে দুজন ছাত্র প্রতিনিধি ছিলেন। তারপরও তালিকায় অসংগতি থাকতে পারে। ছাত্রদের নেতৃত্বে তালিকা আবার যাচাই-বাছাই করে সংশোধনের সুযোগ আছে’।