২০ মে, ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ মে) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিলের এক ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই স্থানে ধান কাটতে গিয়ে স্থানীয় এক কৃষক বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি নবজাতক শিশুর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, মরদেহটি উদ্ধার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।