মূল ক্যাম্পাসে স্থানান্তর হচ্ছে চবির চারুকলা বিভাগ

২০ মে, ২০২৫

দীর্ঘ আন্দোলন ও প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে চারুকলা ইন্সটিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ। ২৪ মে থেকে শুরু হতে পারে শ্রেণি কার্যক্রম।

মঙ্গলবার (২০ মে) থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় চারুকলা ইনস্টিটিউটের প্রয়োজনীয় সব আসবাবপত্র মূল ক্যাম্পাসে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।

চারুকলাকে মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের আন্দোলনে সম্মুখ সারিতে থাকা চারুকলা ইন্সটিটিউটের ২১-২২ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার হাসান সোহেল বলেন, ‘আমাদের চারুকলার শিক্ষার্থীদের আজকের এই অনুভূতি অভূতপূর্ব। ভাষায় অপ্রকাশ যোগ্য। দীর্ঘ সময়ের আন্দোলন, ধৈর্য, হার না মানা ত্যাগের পর আমরা অবশেষে মূল ক্যাম্পাসে ক্লাস করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আজ চারুকলার সব শিক্ষার্থী, শিক্ষক, স্টাফদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আমাদের এই দীর্ঘ যাত্রার সফলতার পেছনে ৩০ হাজার শিক্ষার্থী, প্রশাসন, রাজনৈতিক দলসহ সব সামাজিক সাংস্কৃতিক ক্লাব, সংবাদমাধ্যম কর্মী এবং সব শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘চারুকলা ক্যাম্পাসে স্থানান্তর কার্যক্রম চলছে। শহরের ক্যাম্পাসেও চারুকলার বিভিন্ন শহরকেন্দ্রিক কর্মকাণ্ড থাকবে।’

প্রসঙ্গত, ঝুঁকিপূর্ণ ভবন, আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে ২০২২ সাল থেকে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর জন্য লাগাতার আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

সবশেষ গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করেন অনুষদের ৯ জন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত রাখেন তারে।

পরবর্তীতে ২২ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে চারুকলাকে মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের প্রজ্ঞাপন জারির পর অনশন ভাঙেন তারা।