ফেনীতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ

২২ মে, ২০২৫

ফেনী বড় বাজারের স্বর্ণপট্টিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ নকল বিড়ি জব্দ করেন।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ফেনী বড় বাজারের স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালায় স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।

এসময় ফেনী বড় বাজারের ব্যবসায়ী মতিন ভূঁইয়ার দোকান থেকে বারো হাজার পাঁচশত (১২,৫০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

নকল বিড়ি ব্যবসায়ী ভবিষ্যেতে আর কখনো নকল আকিজ বিড়ি বিক্রি ও মজুদ করবে না এই শর্তে অঙ্গীকারনামা দেন। পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন বলেন, বিড়ি শিল্পকে ধ্বংস করতে একটি কুচক্রী মহল জাল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি উৎপাদন ও বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। এসব অসাধু ব্যবসায়ী চক্র সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছে। নকল বিড়ি বন্ধ করে সরকারী রাজস্ব বৃদ্ধিতে র‌্যাব, পুলিশ এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের অভিযান বৃদ্ধির দাবি জানাচ্ছি।