২২ মে, ২০২৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড়ে প্রাচীর ধসে বিথি খাতুন (১২) নামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশু উপজেলার একই এলাকার কৃষক আবু বক্করের মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের (ব্র্যাক) ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টিতে শিশু বিথি বাড়ির পাশে একটি ট্যাপ কলের কাছে হাত-পা ধুতে যায়। এ সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে দুর্বল প্রাচীর বিকট শব্দে তার ওপর ধসে পড়ে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।