যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত দুই

২৪ মে, ২০২৫

যশোর প্রতিনিধি: যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ফজলুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর দু’জন। নিহত ফজলুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটরা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ঝিনাইদহ জেলার কোটচাদপুরের আল-মামুন (৩২) ও রিয়াল হোসেন (৩০)। তারা দুই জন যশোরের একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন।

 শনিবার ভোর ৬টার দিকে কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মামুন ও রিয়াল মোটরসাইকেলযোগে যশোরের দিকে আসছিলেন। ছাতিয়ানতলা পৌঁছালে তাদের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন।