২৫ মে, ২০২৫
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’র ওপর এক কর্মশালা শুক্রবার অপরাহ্নে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। কর্মশালা সঞ্চালনা করেন স্কটল্যান্ডের এডিনবরা ইউনিভার্সিটির প্রভাষক (শিক্ষা ও উন্নয়ন) ড. লিন্ডসে হোরনার। দেশের বাছাই করা বেশ কিছু বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবনায় ‘সুলতানার স্বপ্ন’ ২০২৪ সালে ইউনেস্কোর ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড’ হিসাবে এশিয়া-প্যাসিফিক রেজিস্টারভুক্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাজ্যে ‘সুলতানার স্বপ্ন’ শিক্ষাক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসাবে এ কর্মশালার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ : এর আগে সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর ও অর্ধশত বেসরকারি গ্রন্থাগারের যৌথ প্রয়াসে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ কার্যক্রমে অংশ নেওয়া ‘টপ টেন’কে (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩০ জন) পুরস্কার হিসেবে বই ও সনদ প্রদান করা হয়। অংশগ্রহণকারী অন্যদের শুধু সনদ দেওয়া হয়। তিন গ্রুপে সারা দেশের ৫ শতাধিক শিক্ষার্থী পাঠ প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে। কার্যক্রমের নির্বাচিত বইগুলো হচ্ছে যথাক্রমে রশীদ হায়দার সম্পাদিত ‘খুঁজে ফিরি : ১৯৭১ এ পিতৃস্মৃতিহীন সন্তানদের কথা’, ঝর্ণা বসু ও মফিদুল হক সম্পাদিত ‘অবরুদ্ধ অশ্রুর দিন’ এবং আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’।