২৬ মে, ২০২৫
আগামী ২৮ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তান যাচ্ছেন ক্রিকেটাররা। সোমবার (২৬ মে) সকালে দ্বিতীয় বহর পৌছেছে লাহোরে। এ সময় টাইগারদের দ্বিতীয় বহরের সাথে ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান।
এর আগে, প্রথম বহরে ১০ জনের দলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক'জন সাপোর্ট স্টাফ।
পাকিস্তান সফর নিয়ে বিসিবি খেলোয়াড়দের কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফরে যাচ্ছেন না। দলে নতুন করে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন তিনি। একই কারণে রিশাদ হোসেনও রয়েছেন পাকিস্তানে।
আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর মানসিকভাবে একটু পিছিয়ে আছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাইতে চাইবে সফরকারী টাইগাররা।
উল্লেখ্য, দুই দলের ২০ ওভারের এই লড়াই আগামী ২৮ মে থেকে শুরু করে ১ জুন শেষ হবে তিন ম্যাচের এই সিরিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজের সবকটি ম্যাচ।