মহেশখালীতে এসআই হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

২৭ মে, ২০২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী এলাকা থেকে পুলিশ উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারি হত্যা মামলার প্রধান আসামি নাছির উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। গ্রেফতার নাছির উদ্দিন হোয়ানক কালাগাজির পাড়ার পূর্ব কাঁঠালতলী গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নাছির উদ্দিনের বিরুদ্ধে এসআই পরেশ কারবারি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।