২৮ মে, ২০২৫
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় সেতারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ৩টার দিকে পাথরঘাটা-বামনা মহাসড়কের ডৌয়াতলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেতারা বেগম দক্ষিণ ডৌয়াতলা গ্রামের বাসিন্দা এবং মৃত আবদুল করিমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতারা বেগম বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাথরঘাটা থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। পরে ভ্যান ও পিকআপভ্যান দুটোই পাশেই দাঁড়িয়ে থাকা সেতারা বেগমের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পিকআপভ্যানটি জব্দ করেছি। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।