২৮ মে, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী মোল্লা মালিয়াট গ্রামের আব্দুল মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউনুস আলীর সঙ্গে নায়েব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে মালিয়াট গ্রামের মাঠে ওই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই নায়েব আলীর মৃত্যু হয়।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। মরদেহ হাসপাতালেই রাখা আছে।’