শরিফুলের পাকিস্তান সফর শেষ

৩১ মে, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জাতীয় দলের জন্য আরেকটি দুঃসংবাদ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বল করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল পেসার শরিফুল ইসলামকে। এবার নিশ্চিত হলো দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুলের ইনজুরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, ডান পায়ের রেক্টাস ফেমোরিস পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আর খেলা হচ্ছে না এই টাইগার পেসারের।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেন, 'শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যানসহ অন্যান্য মেডিকেল পরীক্ষায় ধরা পড়েছে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। ফলে তাকে ২–৩ সপ্তাহ পুনর্বাসন ও চিকিৎসার মধ্যে থাকতে হবে।' 

চোট পাওয়ার পর পাকিস্তান ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র তিন বল করেই মাঠ ছাড়েন শরিফুল। এরপর আর মাঠে ফেরেননি এবং ব্যাটিংয়েও নামেননি।

বাংলাদেশ এরই মধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত করেছে। তাই রোববার রাত ৯টায় শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ ম্যাচটি হবে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।