০১ জুন, ২০২৫
রাজধানীর শান্তিনগর মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাসিকুল ইসলাম (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
রোববার (১ জুন) ভোরের দিকে এই ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তাসিকুল ইসলামের ছেলে মাহফুজ বিন তাসিফ জানান, তাদের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায়। বর্তমানে রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিলেন।
তিনি জানান, প্রতিদিনের মতো রোববার ভোরেও ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন শান্তিনগরে বাসের ধাক্কায় তার বাবা মারা গেছেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ভোরে তাসিকুল ইসলাম শান্তিনগর মোড়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন