‘গণহত্যার বিচারকে ধামাচাপা দিতে অনেকে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে’

০১ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন আমলে সংঘটিত গণহত্যার বিচারকে ধামাচাপা দিতে যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। তারা বিগত ১৫ বছরে তিনবারের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না। তারা এখন বাংলাদেশকে ভাসিয়ে দিতে চায়। আন্দোলনের হুমকি দেয় এবং দেশকে অচল করার কথা বলে।

শনিবার  (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ আরও বলেন, যারা স্বপ্ন দেখেছিল আধিপত্যবাদ মুক্ত ও ফ্যাসিস্ট মুক্ত সুন্দর একটি রাষ্ট্র গড়ে উঠবে। যাদের ১ হাজার ৬৫১ জন ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে এবং ৩০ হাজার ছাত্র, যুবক,শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধের আহত এবং পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ আজ এই পথে এসেছে। তাদের ওপর এ হামলার বিচার না করে নির্বাচন দিলে গণহত্যার বিচার ধামাচাপা পড়ে যাবে।

তিনি আরও বলেন, শুধু জুলাই-আগস্ট নয়, ৫ মে শাপলা চত্বরে কত হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে; এসব গণহত্যা বিচার না করে নির্বাচন দিলে নতুন কোনো সরকারের আমলে গণহত্যার বিচার আর হবে না। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় বিচার, সংস্কার তারপর নির্বাচন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মো. ছামিউল হক ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. ইকরাম হোসেন প্রমুখ।