তেজগাঁও থেকে পরীক্ষার্থীর লাশ উদ্ধার

০৪ জুন, ২০২৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের শান্তিনিকেতনের একটি বাসা থেকে হিমেল দেবনাথ (৩০) নামে এক বিসিএস পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হিমেল দেবনাথ নরসিংদীর মনোহরদী উপজেলার হিন্দুপাড়া এলাকার হরিপদ দেবনাথের ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের শান্তিনিকেতন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. মনির বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে আমরা খবর পাই, শান্তিনিকেতনের একটি বাসায় একজন যুবক অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত সেখানে পৌঁছে হিমেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, হিমেল বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং অতীতেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’