০৭ জুন, ২০২৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর বাজারে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মো. হোসেন (৪০) নামে আরেক ব্যক্তি।
শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার গোডাউনের গরুর বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতে বাচা মিয়া উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা। আর হত্যাকাণ্ডে অভিযুক্ত মো. হোসেন তার জামাতা, তিনি একই উপজেলার পূর্ব সরফভাটা গ্রামের হাজী আজল উদ্দিন সওদাগরের বাড়ির মৃত মো. হাসেমের ছেলে ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদ উপলক্ষে নিজের তিনটি গরু নিয়ে বাজারে এসেছিলেন বাচা মিয়া। এর মধ্যে দুটি গরু বিক্রি করলেও একটি গরু বিক্রির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই তার মেয়ের জামাই মো. হোসেন বাজারে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন অভিযুক্ত হোসেনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।