০৯ জুন, ২০২৫
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাড়ির পুকুরে মেয়েকে সাঁতার শেখানোর সময় বাবা-মেয়ে দুজন পানিতে ডুবে মারা গেছেন।মৃত বাবুল আহমেদ বাবু (৬০) জুড়ী উপজেলার বাবুল ব্রিকসের স্বত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন। সোমবার (৯ জুন) বিকালে নিজ বাড়ির পুকুরে তার মেয়ে ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী হালিমা মোহাম্মদকে (১৮) সাঁতার শেখাতে নামেন।
এ সময় অসাবধানতাবশত মেয়ে পানিতে ডুবে যায়। মেয়েকে খুজতে এক পর্যায়ে তিনিও ডুবে যান। পরে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।