১০ জুন, ২০২৫
বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন ‘সোলজার সোলজার’ ছবির অভিনেত্রী মারিস উইপানি। গত শুক্রবার ৬ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। অভিনেত্রীর ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৬ জুন অভিনেত্রীর ৬১তম জন্মদিন ছিল। সেদিনই তার মৃত্যু হয়। তবে মৃত্যু কারণ জানা যায়নি।
অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহ অভিনয় শিল্পীরা। সামাজিক মাধ্যমে এক পোস্টে ‘সোলজার সোলজার’-এর সহ-অভিনেতা জে লাগাইয়া শোকপ্রকাশ করেছেন। আবেগঘন এক বার্তায় জানিয়েছেন, কোনোভাবেই মারিসের মৃত্যু মেনে নিতে পারছেন না। তার আত্মার শান্তি কামনা করেছেন এ অভিনেতা।
ডিন অ্যাডামস অভিনেত্রীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আপনি আমার পরিচিত মানুষদের মধ্যে অন্যতম। আপনার মৃত্যু বিশ্বের জন্য একটি বিশাল ক্ষতি। আমি আপনাকে ভালোবাসি। সবসময় ভালোবাসব।’
অভিনেত্রী মারিস উইপান ১৯৬৪ সালে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৮ বছর বয়সে নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলীয় দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূলবর্তী ক্রাইস্টচার্চ চলে আসেন। শৈশব কাটিয়েছেন দেশটির পনসনবি শহরে।
অভিনেত্রী ১৯৮৩ সালের মিস ইউনিভার্সের দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। মিস নিউজিল্যান্ড প্রতিযোগিতার একজন প্রযোজক তাকে ১৯৮৩ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছিলেন বলে জানা যায়।
এরপর ১৯৮৫ সালে ‘ক্যাম আ হট ফ্রাইডে’-এ এসমেরেল্ডার চরিত্রে অভিনয় করেন। ১৯৮৭ সালে ডগ হার্ভির সঙ্গে টেলিভিশন উপস্থাপনা শুরু করেন। যার ফলে তিনি ‘লোটো লেডি’ নামে পরিচিত পান। ১৯৯১ সালে মারিস অস্ট্রেলিয়ায় অভিনয় ক্যারিয়ার শুরু করেন।
১৯৯৩ সালে নির্মিত ‘সোলজার সোলজারে’ ছবিতে অভিনয়ের সুবাদে তারকা খ্যাতি অর্জন করেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘হারকিউলিস ইন দ্য মেজ অফ দ্য মিনোটর’ এবং ‘হারকিউলিস: দ্য লিজেন্ডারি জার্নিস’ সিরিজের পাশাপাশি ‘বনজোর টিমোথি’ এবং ‘চ্যানেলিং বেবি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আর পেছনে ফিরে তাকতে হয়নি মারিসকে।