চকরিয়ায় সড়কের পাশে মিলল নারীর রক্তাক্ত লাশ

১১ জুন, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি লাল ব্রিজ এলাকায় সড়কের পাশ থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।

মৃত নারী বুলবুল আক্তার (২৭) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ঈদমনি লাল ব্রিজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস বলেন, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সড়কের পাশে কেউ রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত নারীর পেটের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।