সংঘর্ষে ২ জন নিহতের পর কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

১২ জুন, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে দুই ভাই নিহত হওয়ার ঘটনার পর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য আশরাফ হোসেনকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে ও ১ জুন জামাল ও কোলা ইউনিয়নে বিএনপির দুটি পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনুচ আলী ও মহব্বত আলী নামে আপন দুই ভাই নিহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।