চোখে কাজল রেখে ঘুমালে হতে পারে যেসব সমস্যা

১৩ জুন, ২০২৫

অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো করে আমরা অনেক কিছু ছেড়ে দিলেও চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগাতে ভুলি না।

কিন্তু দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেও ত্বকের পরিচর্যা করার সময় পাই না। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া হলেও, চোখের কাজল পুরোপুরি উঠে না। এই কারণে পরের দিন সকালে আবারও চোখে কাজল থাকে।

তবে চোখে কাজল লাগিয়ে ঘুমানোর ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। চলুন, জেনে নিই।

চোখে জ্বালা

বাজারে প্রচলিত বেশিরভাগ কাজলে রাসায়নিক মিশ্রিত থাকে। দীর্ঘ সময় কাজল চোখে থাকলে চোখে জ্বালা, লাল হওয়া বা চুলকানোর মতো সমস্যা দেখা দিতে পারে।

রাসায়নিক মিশ্রিত কাজল চোখে ঢুকে গেলে এই সমস্যা হতে পারে।

চোখ থেকে পানি পড়া

যেমন মোবাইল বা ল্যাপটপের দিকে বেশি সময় তাকিয়ে থাকলে চোখ থেকে পানি ঝরতে শুরু করে, তেমনি কাজলও চোখে দীর্ঘ সময় থাকলে চোখ থেকে জল পড়তে পারে। তাই কাজল খুব বেশি সময় চোখে রাখবেন না।

সংক্রমণ

দীর্ঘ সময় কাজল পরে রাখা বা মেয়াদ উত্তীর্ণ কাজল ব্যবহার করলেই চোখে সংক্রমণ হতে পারে।

কাজল পেন্সিল বা জেল কাজল ব্যবহারের ব্রাশ যদি পুরনো হয়ে যায়, তবে কনজাংটিভাইটিসের মতো সমস্যার ঝুঁকিও থাকে।

চোখের পাতা ঝরা

রাসায়নিক মিশ্রিত কাজল চোখের পাতার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন চুলের ত্বক শুষ্ক হলে চুল পড়ে, তেমনি চোখের পাতাও ঝরে পড়তে পারে।

এভাবে চোখে কাজল রেখে ঘুমানোর ফলে দীর্ঘমেয়াদে চোখের ক্ষতি হতে পারে, তাই সঠিক পরিচর্যা নেওয়া জরুরি।

সূত্র: এই সময়