ফেনীতে ৩ মাদক কারবারির জেল-জরিমানা

১৫ জুন, ২০২৫

ফেনীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক তিন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ জুন) বিকেলে এ অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, ফেনী পৌরসভার কালিপাল দশমীঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ জনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আটকক ব্যক্তিদের গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ সময় চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার গ্রামের মৃত শেখমত মিয়ার ছেলে রিপন মিয়াকে (৪০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, ফেনী সদর উপজেলার কুরুচিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আবু সুফিয়ান শাহীন (২৫) ও ফেনী সদর উপজেলার দক্ষিণ চাড়িপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. ওমর আকবর অয়নকে (২০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জরিমানা আদায় করে তাদের ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।