সিরিজ নির্ধারণী ওয়েস্ট ইন্ডিজের বড় জয়

১৬ জুন, ২০২৫

তিন ম্যাচ সিরিজের প্রথম দু’টি খেলা গড়ায়নি মাঠে, বৃষ্টিতে বাতিল হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ম্যাচটা হয়ে উঠে সিরিজ নির্ধারণী। রানবন্যার যেই ম্যাচে আইরিশদের হতাশ করে শেষ হাসি ওয়েস্ট ইন্ডিজের।

রোববার সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ২৫৬ রানের বিশাল পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ। জবাবে আয়ারল্যান্ড থামে ১৯৪ রানে। ৬২ রানের জয় পায় ক্যারিবীয়রা।

বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। দু’জনে মিলে গড়েন ১০.৩ ওভারে ১২২ রানের জুটি। হোপ ফেরেন ২৭ বলে ৫১ করে। তবে লুইস ছুটতে থাকেন শতকের দিকে। যদিও সেঞ্চুরি পাওয়া হয়নি, ১২.২ ওভারে ১৫২ রানের মাথায় ফেরেন তিনি। লুইস আউট হোন ৭ চার ৮ ছক্কায় ৫৪ বলে ৯১ করে। শেষ দিকে ঝড় তুলেম ক্যাসি কার্থি, তার ব্যাটে আসে ২২ বলে অপরাজিত ৪৯ রান।

এছাড়া ৬ বলে ১৯* করেন রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার ১৩ বলে ১৮ ও ৭ বলে ১৫ করেন হেটমায়ার।

ম্যাথু হ্যাম্পায়ারেস নেন ১৬ রানে ২ উইকেট। ঝড় বয়ে যায় লিয়াম ম‍্যাককার্থির ওপর, ৪ ওভারে দেন ৮১!

রান তাড়ায় আয়ারল‍্যান্ডের কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি। কিন্তু সবার মিলিত অবদানে ২০০ রানের কাছাকাছি যায় দলটি।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পরে স্বাগতিক আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং ফেরেন ৬ বলে ১৩ করে। তবে এরপর ১০১ রানের জুটি গড়েন রস অ্যাডায়ার এবং হ্যারি টেক্টর।

টেক্টর ৩৮ রানের আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। দলীয় সর্বোচ্চ রান আসে অ্যাডায়ারের ব্যাট থেকে। ৩৬ বলে ৪৮ রান করেন তিনি। শেষ দিকে মার্ক অ্যাডায়ার করেন ১৪ বলে ৩১।

তবে তাতে শুধু হারের ব্যবধান কমেছে। ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান পর্যন্ত করতে পারে আইরিশরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ রানে ৩ উইকেট নেন আকেল হোসেন।