চোরাই পণ্য আনতে গিয়ে বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

২২ জুন, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন আরাফাতুর রহমান (২২) নামের এক বাংলাদেশি যুবক। রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় নোম্যান্সল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকার বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে মিয়ানমার থেকে চোরাই পণ্য আনতে আরও কয়েকজনের সঙ্গে সীমান্ত পাড়ি দেন আরাফাতুর। এ সময় সীমান্তের শূন্যরেখায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার বাম পায়ের নিচের অংশ উড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “চোরাইপণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে শুনেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, “আহতকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”