সোহানকে না নেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

২৩ জুন, ২০২৫

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানের। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার সঙ্গে ছিলেন নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক। 

নুরুল হাসানকে স্কোয়াডে না রাখার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক বলেন, 'সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। তখন তিনি একটু খারাপ সময় পার করছিলেন। তবে তিনি একসময় আমাদের সেরা ফিনিশারদের একজন ছিলেন এবং বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়কও।'

গত মৌসুমে ঘরোয়া ঢাকা লিগে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন সোহান। তিনি করেছেন ৫০০-এর বেশি রান, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক। তবুও ২০২৩ সালের সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলে খেলার পর থেকে আর কোনো ফরম্যাটেই সুযোগ পাননি তিনি।

তাকে ভবিষ্যতে দলে দেখা যেতে পারে বলেও আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, 'নুরুল হাসান সোহান অবশ্যই আমাদের বিবেচনায় আছেন। তিনি একজন কার্যকরী খেলোয়াড়, বিশেষ করে ছয়-সাত নম্বর ব্যাটিং পজিশনে। সামনে এশিয়া কাপ, পাকিস্তান সিরিজ এবং ভারতের বিপক্ষে খেলার আগে আমরা এই সময়টা কাজে লাগাতে চাই, যেন যাদের যাচাই করা দরকার, তাদের ভালোভাবে দেখে নিতে পারি।' 

এছাড়াও সোহানকে সামনে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সম্ভাবনার কথাও জানান তিনি। যদিও সেটি আইসিসির অনুমোদিত আন্তর্জাতিক ম্যাচ নয়, তবে পর্যাপ্ত মানসম্পন্ন হোয়াইট বল ক্রিকেট হবে বলে মন্তব্য করেন গাজী আশরাফ।

'সোহানের সামনে একটি সুযোগ আছে। সেটা যদিও আন্তর্জাতিক ম্যাচ নয়, তবে বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি অংশ নিতে পারেন। এতে যারা শ্রীলঙ্কা সফরের দলে নেই, তাদের জন্য নিজেদের মেলে ধরার ভালো সুযোগ থাকবে,' বলেন প্রধান নির্বাচক।