নাসিরনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

২৫ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা সদরের মৎস্য আড়তে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুতের অভিযোগে কংশ দাস নামে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।

অভিযান পরিচালকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় মৎস্যজীবীরা জানান, দীর্ঘদিন ধরে এই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করে আসছিল কিছু অসাধু আড়তদার। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য কর্মকর্তা ফানিমুল আরেফীন বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রূপচাঁদা মাছের মতো হওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।’

অভিযানে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।