বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

২৯ জুন, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দশানী নদীতে গোসল করতে নেমে মো: আব্দুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (২৮ জুন) বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুল্লাহ (১০) বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 
জানা যায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায় মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ। বিকালে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে। এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় এবং রবিবার ভোর ৬টা থেকে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল দশানী নদীতে ১০টা পর্যন্ত অভিযান চালায়, তবে এখনো নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মেলেনি। 

 

জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, ৪ ঘণ্টা অভিযানের পরও মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি। 
এ ঘটনায় নিখোঁজ শিশু আব্দুল্লাহর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।